টেকসই নগর গতিশীলতা সক্ষমতা উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ তিন কর্মকর্তা অস্ট্রিয়া সফরে গেছেন। সোমবার (২৯ জুন) শুরু হওয়া চার দিনব্যাপী কর্মশালায় যোগ দিতে তারা গত রবিবার (২৮ জুন) সকালে বাংলাদেশ ত্যাগ করেন। এর আগে গত ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা সরকারি আদেশে তাদের সফরের অনুমোদন দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ২৯ জুন থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত অথবা নিকটতম উপযুক্ত তারিখ থেকে ভ্রমণ সময় বাদে চার দিনের জন্য অস্ট্রিয়ায় অনুষ্ঠিতব্য কর্মশালায় অংশ নেবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রূপম আনোয়ার এবং বিদ্যমান চট্টগ্রাম–দোহাজারী মিটার গেজ ট্র্যাককে ডুয়াল গেজ ট্র্যাকে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আসাদুল হক। সরকারি আদেশে বলা হয়েছে, এ সফরের যাবতীয় ব্যয় বহন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সফরকালীন সময়ে কর্মকর্তারা স্থানীয় মুদ্রায় তাদের বেতন-ভাতা গ্রহণ করবেন। এছাড়া সফর ও ট্রানজিটের সময়কে সরকারি দায়িত্ব পালনকাল হিসেবে গণ্য করা হবে এবং অনুমোদিত সময়ের অতিরিক্ত বিদেশে অবস্থান করা যাবে না। আদেশে আরও বলা হয়েছে, অস্ট্রিয়া সফর শেষে দেশে ফিরে ১০ কার্যদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে সফরসংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ১৭ জুন ২০২৬ তারিখে এ সরকারি আদেশ জারি করা হয়। মহাপরিচালকের এ সফরকালীন সময়ের জন্য অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন বলে পৃথক এক অফিস আদেশে জানানো হয়।