ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা মোতাবেক কোস্টগার্ড বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় দায়িত্বপালন করে চলেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন ৬টি জেলার ১৮টি উপজেলার উপকূলীয় অঞ্চলের হিন্দুধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়সহ ৩৭১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে। পূজা চলাকালীন সময়ে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে কোস্টগার্ড সদস্যরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের উৎসবটি শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।