Friday , 30 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাশিয়া যুদ্ধ ও কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে আলোচনায় শনিবার তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

প্রতিবেদক
admin
October 30, 2026 11:22 pm
Link Copied!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ এবং কৃষ্ণসাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শনিবার তুরস্ক সফর করবেন। এ সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন বলে দেশটির প্রেসিডেন্সি জানিয়েছে। ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, প্রেসিডেন্সির যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় তুরস্ক ও ইউক্রেনের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের সম্ভাব্য পদক্ষেপ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কৃষ্ণসাগরের নিরাপত্তা পরিস্থিতি। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তুরস্ক ক্ষুব্ধ হয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এরদোয়ান এসব হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন। বেসামরিক জাহাজে হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল আঙ্কারা। তবে দুই পক্ষই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তুরস্কের প্রেসিডেন্সি জানিয়েছে, বসফরাস প্রণালীর তীরবর্তী দোলমাবাহচে কার্যালয়ে এরদোয়ান জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই নেতা সংবাদ সম্মেলন করবেন। স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক দফা আলোচনারও আয়োজন করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা এবং আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

সর্বশেষ - জাতীয়