পুরোটাই এলেভেটেড হবে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে রাজধানীর শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ রেলপথের সম্পূর্ণ হবে এলিভেটেড। সোমবার (৫ অক্টোবর) রেল ভবনে আয়োজিত সংশ্লিষ্ট প্রকল্প সংক্রান্ত ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়। রাজধানীর শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত এ রেলপথের দৈর্ঘ্য হবে ষাট কিলোমিটার। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক খরচ ধরা হয়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা। ভূমি অধিগ্রহণ শেষে মূল নির্মাণ কাজ সমাপ্ত করতে সময় লাগতে পারে প্রায় চার বছর। সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন রেলপথ মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।



















