আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে। অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ০৮:০০ টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে বেলা ০২:১০ টায়। অন্যদিকে ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ০৩:২৫ টায় ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ০৯:২০ টায়। ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। আগামী ১৯ নভেম্বর অপরাহ্নে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি কর্তৃক পাবনা রেলওয়ে স্টেশন থেকে উক্ত ট্রেন দুটি উদ্বোধনের মাধ্যমে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের সাথে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে উক্ত ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর রেল যোগাযোগ সংযোজন হতে যাচ্ছে।

















