Tuesday , 7 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন

প্রতিবেদক
admin
July 7, 2026 10:57 am
Link Copied!

বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর ইনজুরি টাইমের গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ডালাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ইনজুরি টাইমের প্রথম মিনিটে ডেডলক ভাঙেন মেরিনো। এই ম্যাচের মাধ্যমে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ ক্যারিয়ারও শেষ হয়ে গেল। ৭০ হাজার ৬৪৯ জন দর্শকে পরিপূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডালাস কাউবয়েজে অনুষ্ঠিত ম্যাচটি কাগজে-কলমে যতটা আকর্ষণীয় মনে হয়েছিল বাস্তবে ততটা রোমাঞ্চ ছড়াতে পারেনি। ম্যাচটি অতিরিক্ত সময়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের চমৎকার একটি পাস বাড়ান মেরিনোর উদ্দেশে। সুযোগটি কাজে লাগিয়ে মেরিনো গোল করে স্পেনকে জয় উপহার দেন। এর মাধ্যমে ৪১ বছর বয়সি রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচটি তিক্ত পরিণতিতে শেষ হয়। বর্তমানে সৌদি আরবে খেলা রোনালদো ম্যাচের আগের দিনই নিশ্চিত করেছিলেন, এটাই হবে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে তাঁর শেষ বিশ্বকাপ। দুই প্রতিবেশী দেশই অপরাজিত অবস্থায় এই ম্যাচে নেমেছিল। তবে পর্তুগাল খুব একটা দাপুটে ফুটবল খেলতে পারেনি, অন্যদিকে স্পেন পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি। টুর্নামেন্ট শুরুর আগেই অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচিত স্পেন এই ম্যাচের পরও সেই রেকর্ড অক্ষুণ্ন রাখল। ঐতিহ্য, প্রতিভা ও ইতিহাসে সমৃদ্ধ হলেও স্পেন এখন পর্যন্ত মাত্র একবার, ২০১০ সালে বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে পর্তুগালের সেরা সাফল্য ১৯৬৬ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন। রোনালদো এবং স্পেনের ১৮ বছর বয়সি লামিন ইয়ামালকে ঘিরে শেষ ষোলোর এই লড়াইকে ক্যারিয়ারের দুই ভিন্ন প্রান্তে থাকা দুই অসাধারণ প্রতিভার দ্বৈরথ হিসেবে তুলে ধরা হয়েছিল। ম্যাচের ১০ মিনিটে স্পেনের এগিয়ে যাওয়া উচিত ছিল। ডানি ওলমোর বাড়ানো বল থেকে মিকেল ওয়ারজাবাল গোলরক্ষক দিয়োগো কস্তাকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। পর্তুগাল অধিনায়ক রোনালদোর নেয়া একটি শক্তিশালী শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন স্পেন গোলরক্ষক উনাই সাইমন। কোচ লুইস ডি লা ফুয়েন্তের স্পেন এরপর চাপ বাড়ায়। ইয়ামাল ও এ্যালেক্স বায়েনার পরপর দুটি শটে দিয়োগো কস্তাকে ব্যস্ত রাখে। বিশেষ করে দ্বিতীয় শটটি অসাধারণ দক্ষতায় রক্ষা করেন কস্তা। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা রোনালদোকে পুরো ম্যাচে প্রভাব ছিল সীমিত। প্রথমার্ধের শেষদিকে পর্তুগালই বেশি আক্রমণাত্মক ছিল। কোচ রবার্তো মার্টিনেজের দল গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, নুনো মেন্ডেসের শট স্পেনের ফুল-ব্যাক পেড্রো পোরো মাথা দিয়ে ঠেকাতে গিয়ে নিজের ক্রসবারে লাগান। এ যাত্রা কোনোমতে রক্ষা পায় স্পেন। ইয়ামাল পুরো ম্যাচে নুনো মেন্ডেসের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি। তবে ৫৬ মিনিটে চোট পেয়ে মেন্ডেস মাঠ ছাড়তে বাধ্য হন, যা পর্তুগালের জন্য বড় ধাক্কা ছিল। রবার্তো মার্তিনেজ ৭১ ও ৮৩ মিনিটে দুটি করে পরিবর্তন আনলেও রোনালদোকে মাঠেই রাখেন। শেষ পর্যন্ত সতর্ক ও রক্ষণাত্মক এই ম্যাচে শেষ হাসি হাসেন আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

কাল পবিত্র আশুরা, রাজধানীতে বের হবে ৬৩ তাজিয়া মিছিল

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ, জমা প্রায় ১৯ কোটি টাকা

ডিএমপি লালবাগ বিভাগের অভিযানে ৪৬ জন গ্রেফতার

আজ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা

পাঁচ দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যে মেলার উদ্বোধন করলেন — শিল্প উপদেষ্টা

স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী